Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ যা বলছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ যা বলছে

January 08, 2026 12:10:52 PM   অনলাইন ডেস্ক
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ যা বলছে

রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্টার কাবাবের পেছনের গলিতে, পশ্চিম তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান মুসাব্বির, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। এ সময় আরও একজন আহত হন; তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই দুর্বৃত্ত বস্তা নিয়ে গলিতে লুকিয়ে ছিলেন। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি চালায়। গুলিতে মুসাব্বির মাটিতে লুটিয়ে পড়েন, পরে দৌড়ে পালানোর চেষ্টা করলেও শুটাররা তার ফোনও নিয়ে পালায়। এ সময় পাশে থাকা আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মুসাব্বির রাতের দিকে কারওয়ান বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই হত্যাকাণ্ডের পর হাসপাতালের বাইরে নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

উল্লেখ্য, আজিজুর রহমান মুসাব্বির এক সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক ছিলেন। তবে বর্তমানে তার কোনো পদ ছিল না। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।