Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / দেবকে ইঙ্গিত করে যা বললেন শুভশ্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেবকে ইঙ্গিত করে যা বললেন শুভশ্রী

November 06, 2025 12:10:20 PM   বিনোদন ডেস্ক
দেবকে ইঙ্গিত করে যা বললেন শুভশ্রী

টালিউডের জনপ্রিয় প্রাক্তন জুটি দেব ও শুভশ্রীকে ঘিরে আলোচনা যেন কখনও থামে না। একসময় একাধিক হিট সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন তারা। অনেক বছর আগে সম্পর্কের ইতি টানলেও, তাদের নাম এখনও মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী আবারও দেব প্রসঙ্গে কথা বলায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে তিনি ব্যস্ত তার আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’–এর প্রচারণায়। সাক্ষাৎকারে শুভশ্রীকে প্রশ্ন করা হয়—যদি তিনি সাংবাদিক হতেন, তাহলে স্বস্তিকা মুখার্জি, জিৎ ও দেবকে কী প্রশ্ন করতেন?

প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, স্বস্তিকার কাছে জানতে চাইতেন কেন দর্শকরা তার কাছ থেকে আরও বাংলা ছবি পাচ্ছেন না। জিৎকে প্রশ্ন করতেন তার প্রিয় সহ-অভিনেত্রী কে। কিন্তু দেবের প্রসঙ্গ উঠতেই কিছুক্ষণ চুপ থেকে হালকা হাসিতে বলেন,
“দেবকে আর কী প্রশ্ন করব? শুধু জানতে চাইবো, কেমন আছো।”

এই সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ উত্তরেই নেটিজেনদের আগ্রহ আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান আলোচনা—পুরনো সম্পর্কের স্মৃতি, তাদের বর্তমান অবস্থান, এমনকি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও কথা চলছে। যদিও দেব ও শুভশ্রী কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে শুভশ্রীর নতুন সিরিজ ‘অনুসন্ধান’। এর আগে তিনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’–এ অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। এবার নতুন চরিত্রে দেখা যাবে তাকে, যেখানে তিনি আবারও প্রমাণ করতে চান নিজের অভিনয় দক্ষতা ও বহুমাত্রিকতা।