Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নদীভাঙনের মুখে গলাচিপার দয়াময়ী দেবী মন্দির: হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

নদীভাঙনের মুখে গলাচিপার দয়াময়ী দেবী মন্দির: হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য

April 01, 2026 10:44:42 AM   উপজেলা প্রতিনিধি
নদীভাঙনের মুখে গলাচিপার দয়াময়ী দেবী মন্দির: হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপত্য দয়াময়ী দেবী মন্দির ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে। সুতাবড়িয়া নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে এই মন্দিরের প্রধান প্রবেশপথ ‘সিংহ দরজা’ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী স্থাপনাটি অচিরেই সম্পূর্ণভাবে মানচিত্র থেকে হারিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস ধরে সুতাবড়িয়া নদীর তীব্রতা বেড়ে যাওয়ায় মন্দির সংলগ্ন এলাকা ধসে পড়ছে। নদীর পাড় ক্রমান্বয়ে মন্দিরের মূল কাঠামোর দিকে এগিয়ে আসছে। প্রতিদিন পাড় ধসে মন্দিরের চারপাশের জমি ছোট হয়ে আসছে, যা পুরো মন্দির এলাকাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

দয়াময়ী দেবী মন্দিরকে ঘিরে এলাকায় অনেক প্রাচীন লোককথা প্রচলিত আছে। জনশ্রুতি অনুযায়ী, বহু বছর আগে একটি বেল গাছের নিচে মাটি ফুঁড়ে অলৌকিকভাবে দেবীর একটি মূর্তি বের হয়ে আসে। সেই রাতে তৎকালীন জমিদার ভবানী শঙ্কর সেন স্বপ্নে আদেশ পান সেখানে একটি মন্দির নির্মাণের। অন্য একটি কাহিনী মতে, জমিদার নদী থেকে ভাসমান অবস্থায় পাথরের তৈরি এই মূর্তিটি উদ্ধার করেছিলেন।

ইতিহাস অনুযায়ী, বাংলা ১২০৮ সনে সুতাবড়িয়া গ্রামের প্রায় তিন একর জমির ওপর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। দুই শতাব্দীরও বেশি সময় ধরে এটি পটুয়াখালী জেলার অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর দুর্গাপূজা ও কালীপূজাসহ বিভিন্ন উৎসবে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

বর্তমানে নদীভাঙনের কারণে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি অস্তিত্ব সংকটে ভুগছে। এলাকাবাসী ও ভক্তদের দাবি, অবিলম্বে নদীশাসন বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে মন্দিরটি রক্ষা করা হোক। তাঁদের মতে, এই মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি এই অঞ্চলের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ইতিহাসের এই অনন্য নিদর্শনটি নদীর পেটে চলে যাবে।