


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিরাপদ ও মানসম্মত কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে কর্মশালাটির মূল প্রতিপাদ্য ছিল ‘কৃষক GAP (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস) সার্টিফিকেশন’।
অনুষ্ঠানে প্রধান সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আজিজুর রহমান। তিনি নিরাপদ খাদ্য উৎপাদনে ‘গ্যাপ’ সার্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, "আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে মানসম্মত ফসল উৎপাদন করতে পারলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।"
প্রশিক্ষণে গ্যাপ মডিউলের বিভিন্ন কারিগরি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া ডিএই-র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ফারহানা নাজনীন।
বিজয়নগর উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই ফসলের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব।" তিনি স্থানীয় কৃষকদের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাঃ নুরে আলম এবং উপসহকারী কৃষি অফিসার মোঃ জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং নিরাপদ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করেন।