Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নীলফামারীর কিশোরগঞ্জে দিনদুপুরে নারীকে গলা কেটে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নীলফামারীর কিশোরগঞ্জে দিনদুপুরে নারীকে গলা কেটে হত্যা

January 09, 2026 06:21:43 PM   অনলাইন ডেস্ক
নীলফামারীর কিশোরগঞ্জে দিনদুপুরে নারীকে গলা কেটে হত্যা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুলালী বেগম নামের এক নারীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে প্রতিবেশীরা দুলালী বেগমের গলাকাটা মরদেহ তার নিজ ঘরে পড়ে থাকতে দেখেন। তার গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, জুমার নামাজের সময় বা তার আগে-পরে নির্জনতার সুযোগ নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে দিনদুপুরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।