


দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা ও একরূপতা নিশ্চিত করতে নতুন ডিজাইনের ইউনিফর্ম ধাপে ধাপে সারাদেশে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করেছে সরকার। এতে মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন ব্যবহার ও আরামের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে এসব ইউনিফর্ম বিনামূল্যে বিতরণ করা হবে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পরবর্তী ধাপে তা সারা দেশে বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী সহায়তা দিতে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইউনিফর্মের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও জুতা সরবরাহেও সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সুশৃঙ্খল, সমান সুযোগভিত্তিক ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।