Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ফ্যামিলি কার্ডে বাজেটে চাপ পড়বে না-সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফ্যামিলি কার্ডে বাজেটে চাপ পড়বে না-সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস

April 29, 2026 01:23:26 PM   দেশেরপত্র ডেস্ক
ফ্যামিলি কার্ডে বাজেটে চাপ পড়বে না-সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস

সংসদে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন, ধাপে ধাপে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সরকারের হিসাব অনুযায়ী এতে বাজেটের ওপর কোনো চাপ পড়ার আশঙ্কা নেই। বরং এটি অর্থনীতিকে আরও সচল করবে এবং মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে।


বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান। প্রশ্নটি করেছিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী বলেন, সরকার একসঙ্গে সব পরিবারকে এই সুবিধা দিতে পারবে না। তাই পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর জন্য প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে ধাপে ধাপে তালিকা প্রস্তুত করা হবে এবং সেই অনুযায়ী বাজেট নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, “আমরা যেসব হিসাব-নিকাশ করেছি, তাতে বাজেটে কোনো চাপ পড়ার সম্ভাবনা নেই।” বরং এই কর্মসূচিকে তিনি এক ধরনের বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন, যা অর্থনীতির চক্রকে আরও গতিশীল করবে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির জনপ্রিয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, জনগণ এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্নকারী সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, তার নিজ নির্বাচনী এলাকাতেও মানুষ ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

এই মন্তব্যের সময় সংসদে কিছুটা হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। প্রশ্নকারী সদস্য হাসনাত আব্দুল্লাহও বিষয়টি শুনে হাসি ধরে রাখতে পারেননি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির জন্য নতুন করে টাকা ছাপানোর প্রয়োজন হবে না। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। তার মতে, ফ্যামিলি কার্ড চালু হলে অর্থনৈতিক কার্যক্রম বাড়বে এবং মূল্যস্ফীতি কমার সম্ভাবনা রয়েছে।

সরকার মনে করছে, এই কর্মসূচি দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় সহায়তা হয়ে উঠবে, পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।