


গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করতে পারছেন না আশ্রয়ন প্রকল্পের ৯টি পরিবার। চলাচলের একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই ৯টি পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা। গত ২৬মার্চ উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝপাড়া (বুড়ি ভিটা) আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১বছর আগে (রমজান মাসে) ৩য় পর্যায়ের ১মধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝপাড়া (বুড়ি ভিটা) আশ্রয়ন প্রকল্পে ৯টি পরিবার ২শতক জমিসহ বাড়ী বরাদ্দ পেয়ে বসবাস করা শুরু করেন। কিন্তু গত ২৬মার্চ আশ্রয়ণ প্রকল্পের লোকজনের চলাচলের একমাত্র রাস্তাটি নিজের জায়গা দাবী করে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় স্থানীয় একটি প্রভাবশালীমহল। ভূক্তভোগী ওই ৯টি পরিবার নিরুপায় হয়ে ঘটনার পরপরই উপজেলা পরিষদে আসে। সেখানে ইউএনও আফতাবুজ্জামান আল ইমরানকে অফিসে না পেয়ে পিআইও রাশেদ ইসলামকে ঘটনাটি জানায়। পরে পিআইও এর পরামর্শে ওই ভুক্তভোগীরা মডেল থানায় এসে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ভুক্তভোগী রেবেকা, রোজিনা, ছাবিনা, হালিমা, স্বরমিতা, জহুরা ও মেরিনা জানান, রোজার মাসে ঘরে যেতে না পেরে তারা খোলা আকাশের নিচে অনাহার-অর্ধাহারে বসবাস করছেন। ছেলে-মেয়েদের নিয়ে তারা খুব কষ্টে আছেন। বিষয়টির দ্রুত সমাধান চান তারা।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী অভিযোগের তদন্তকারী অফিসার থানার এস আই জহুরুল ইসলাম বলেন, বিষয়টি সুরাহার জন্য উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।