


ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি সপ্তাহের রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গতকাল বৃহস্পতিবার চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থাকে স্থিতিশীল বিবেচনায় নিয়ে ছাড়পত্র দেন।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সকাল আহমেদ জানান, হাসপাতাল থেকে ফেরার পর বর্তমানে তানিয়া বৃষ্টি নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। আপাতত তাঁকে নিয়মিত ফলোআপ ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালে বসে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, পরদিন তাঁর মাথায় অস্ত্রোপচার হবে এবং ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেন। তাঁর সেই পোস্টে সহকর্মী শিল্পী ও ভক্তদের কাছ থেকে ব্যাপক সমর্থন ও শুভকামনার বার্তা আসে।
এদিকে অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত কোনো কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবার আরও জানিয়েছে, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তানিয়া বৃষ্টি নিজেই আবার সবার সঙ্গে যোগাযোগ করবেন এবং কাজে ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।