


ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এক মা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে। রোববার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী লাকী আক্তার (৫৫)। আহতরা হলেন তার স্বামী মোস্তফা ভূঁইয়া (৬৫) ও মেয়ে মিথিলা ভূঁইয়া (১৮)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন ছেলে রাফি (২২)। ঘটনার রাতে ঘরের ভেতরে থাকা অবস্থায় মায়ের ওপর ছুরি নিয়ে হামলা চালায় সে। মাকে বাঁচাতে এগিয়ে এলে বোন মিথিলাকেও ছুরিকাঘাত করা হয়। পরে বাইরে থেকে ছুটে আসা বাবা মোস্তফা ভূঁইয়ার ওপরও হামলা চালায় রাফি।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মারা যান লাকী আক্তার। গুরুতর আহত মোস্তফা ভূঁইয়া ও আলিম পরীক্ষার্থী মিথিলাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত রাফিকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।