


টানা ভারী বৃষ্টিপাত ও হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। প্রশ্নটি করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ।
সংসদে কলিম উদ্দিন আহমেদ জানান, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ জেলাসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকরা কষ্ট করে মাঠে ধান কাটলেও ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি সহায়তার আহ্বান জানান।
উত্তরে প্রধানমন্ত্রী জানান, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে কয়েকদিন আগে থেকেই তিনি হাওরাঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে বৃষ্টিপাতের কারণে ক্ষয়ক্ষতি কমানো যায়।
তিনি আরও বলেন, হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা অত্যন্ত বেদনাদায়ক। আজ সংসদ অধিবেশন শুরুর আগেও তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, হাওরাঞ্চলসহ ময়মনসিংহের কিছু এলাকায় ভারী বর্ষণের কারণে কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এসব ক্ষতিগ্রস্ত কৃষককে শনাক্ত করে আগামী তিন মাস পর্যন্ত সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।
সরকারের এই সিদ্ধান্তকে কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।