


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের কামড়ে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের কারবালা পুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সেরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিনি পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন। একই সময়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের দুই কর্মচারী মোটরসাইকেলে করে ওই এলাকা অতিক্রম করছিলেন।
হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ চালালে আত্মরক্ষার্থে তিনজনই পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এদিকে গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।