Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব

January 12, 2026 04:17:53 PM   অনলাইন ডেস্ক
মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব

ফরিদপুরে দোয়া মাহফিলে আওয়ামী লীগ কর্মীর রাজনৈতিক অবস্থান বদলের ঘোষণা ।ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, তিনি এবার ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাইকে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।

বক্তব্যে কাজী আতিয়ার রহমান বলেন, “আগে আওয়ামী লীগ করতাম, মুজিব কোট আমার ঘরে আছে—আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেব।”

তিনি আরও বলেন, অনেকে প্রশ্ন করেন তিনি আগে আওয়ামী লীগ করেও এখন কেন বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। কিন্তু বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের কোনো কার্যকর উপস্থিতি না থাকায় তিনি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন।

এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহকৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, “ওপেন মঞ্চে এ ধরনের বক্তব্য দেওয়া তার উচিত হয়নি। কেন তিনি এমন কথা বলেছেন, তা আমরা বুঝতে পারছি না। এতে আমরা বিব্রত হয়েছি।”

তিনি আরও জানান, কাজী আতিয়ার রহমান রবি এর আগে রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, তবে প্রতিবারই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।