


টঙ্গী প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত আবুল কাশেম (২০) মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
পরে রাতে আহতদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে "মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে" বলে ঘোষণা দিলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা ভাঙচুরকারী কয়েকজনকে ধরে মারধর করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের সময় স্থানীয়দের প্রতিরোধে ১০ থেকে ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
কাশেমের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।