Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / মৃত বোনের টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মৃত বোনের টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

April 28, 2026 03:07:18 PM   আন্তর্জাতিক ডেস্ক
মৃত বোনের টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

ভারতের ওড়িশায় ব্যাংক অ্যাকাউন্টে থাকা মাত্র ১৯ হাজার ৩০০ টাকা তুলতে গিয়ে এক হৃদয়বিদারক ও অস্বাভাবিক ঘটনা ঘটেছে। নিজের মৃত বোনের টাকা তুলতে কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ব্যক্তি, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে ওড়িশার কেউনঝড় জেলার ডিআনালি গ্রামে। সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় বাসিন্দা জিতু মুন্ডা তার মৃত বোন কাকরা মুন্ডার কঙ্কাল নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে ওড়িশা গ্রামীণ ব্যাংকে পৌঁছান। মুহূর্তেই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাকরা মুন্ডা প্রায় দুই মাস আগে মারা যান। তার স্বামী ও একমাত্র সন্তান আগেই মৃত্যুবরণ করায় ভাই জিতুই ছিলেন তার একমাত্র জীবিত নিকটাত্মীয়। বোনের ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ তুলতে তিনি ব্যাংকে গেলে তাকে জানানো হয়, টাকা তুলতে হলে অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে অথবা বৈধ উত্তরাধিকার সনদ প্রয়োজন।

অশিক্ষা ও দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পেরে জিতু চরম অসহায় হয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, এরপর তিনি স্থানীয় শ্মশান থেকে বোনের কঙ্কাল তুলে কাপড়ে জড়িয়ে ব্যাংকে নিয়ে যান, যাতে তার পরিচয় প্রমাণ করা যায়।

এই দৃশ্য দেখে উপস্থিত লোকজন হতবাক হয়ে যান এবং বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ব্যাংকের আচরণকে অমানবিক বলে সমালোচনা করেন এবং বিকল্পভাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধানের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিতুকে শান্ত করে। একই সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকেও এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি