


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে এক মাদকাসক্ত ছেলে। রোববার সকালে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত জাকিরুল ইসলাম (৩৫) উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা এবং মৃত ফয়জার রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এই ব্যক্তি নেশার টাকার জন্য প্রায়ই তার বৃদ্ধা মা জোবেদা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার দিন সকালে জাকিরুল তার মায়ের কাছে নেশার টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে অপারগতা জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রাণভয়ে মা ঘরের ভেতরে আশ্রয় নিলে জাকিরুল ওই ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ঘরের ভেতর থেকে জোবেদা বেগমকে উদ্ধার করেন। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ঘটনাটি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
পরে স্থানীয়রা জাকিরুল ইসলামকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।