


ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা এলাকার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে।
ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হন ট্রাকের চালক, হেলপার এবং অটোরিকশার চালক। স্থানীয়রা ও উদ্ধারকারীরা তাদের দ্রুত হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে, পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।