Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যৌতুকের টাকার জন্যই আমার মেয়েকে মেরে ফেলল! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যৌতুকের টাকার জন্যই আমার মেয়েকে মেরে ফেলল!

May 20, 2026 06:25:50 PM   অনলাইন ডেস্ক
যৌতুকের টাকার জন্যই আমার মেয়েকে মেরে ফেলল!

টাকার জন্যই ওরা আমার মেয়েটাকে দুনিয়া থেকে সরিয়ে দিল— বুকফাটা আর্তনাদ করে কথাগুলো বলছিলেন মা দুলালী রানী। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে রাজলক্ষ্মী পূরবী (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ পুরো এলাকা।

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের টাকার জন্য নির্যাতনের শিকার হচ্ছিলেন পূরবী। সর্বশেষ মালয়েশিয়া যাওয়ার কথা বলে চার লাখ টাকা দাবি করেন তার স্বামী চঞ্চল হালদার। সেই টাকা এনে দিতে না পারায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে অভিযুক্ত স্বামী ঘটনাটিকে আত্মহত্যা দাবি করে ঘটনার পর থেকেই সপরিবারে আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার কৃষক সুনীল মণ্ডলের মেয়ে রাজলক্ষ্মী পূরবীর সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার সিঙারচড়া এলাকার চঞ্চল হালদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য পূরবীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ পরিবারের।

স্বজনরা জানান, চঞ্চল কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। প্রায়ই শ্বশুরের কাছ থেকে টাকা নিতেন এবং তা আর ফেরত দিতেন না। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য চার লাখ টাকা দাবি করে পূরবীকে বাবার বাড়িতে পাঠানো হয়। কিন্তু দরিদ্র বাবা সেই টাকা জোগাড় করতে না পারায় খালি হাতেই স্বামীর বাড়িতে ফিরে যান তিনি।

পরদিন বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পূরবীর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সুনীল মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একটাই মেয়ে ছিল। ফোন করে বলত, টাকা না দিলে তাকে মারধর করা হয়। আমি গরিব মানুষ, কোথা থেকে এত টাকা দেব? শেষ পর্যন্ত টাকার জন্যই আমার মেয়েকে মেরে ফেলল।”

মা দুলালী রানী বলেন, “এর আগেও ধারদেনা করে জামাইকে ৭০ হাজার টাকা দিয়েছি। তারপরও তাদের লোভ শেষ হয়নি। টাকার জন্যই আমার মেয়েটাকে দুনিয়া থেকে সরিয়ে দিল।”

অন্যদিকে, চঞ্চল হালদারের মা লক্ষ্মী রানী বিদেশ যাওয়ার জন্য টাকা চাওয়ার বিষয়টি স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বাবার বাড়ি থেকে টাকা আনতে না পারার অভিমানেই পূরবী আত্মহত্যা করেছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই পূরবীর মৃত্যু হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।