Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রূপগঞ্জে বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রূপগঞ্জে বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা

February 14, 2026 08:17:24 PM   অনলাইন ডেস্ক
রূপগঞ্জে বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।


৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, ভোর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গ্লাস ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে গিয়ে কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ছবিও আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করেন, রাতের আঁধারে এ হামলা চালিয়ে বিএনপিকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয় যারা মেনে নিতে পারেনি, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরাজিত পক্ষ ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তাদের উসকানিতে পা দেওয়া হবে না।


ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাইরে বের হলে মারধরের হুমকি দেন। পরে তিনি কার্যালয়ে আগুন জ্বলতে দেখতে পান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।