Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০টি ঘর পুড়ে ছাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০টি ঘর পুড়ে ছাই

December 29, 2025 10:36:44 AM   দেশেরপত্র ডেস্ক
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০টি ঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে, যার মধ্যে প্রায় ৩৫টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকেও।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ক্যাম্পের বাসিন্দারাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্যাম্পের বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও বলেন, হঠাৎ করেই ক্যাম্পের ঘরগুলোতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই ৫০ থেকে ৬০টির বেশি ঘর পুড়ে যায়, ফলে বহু রোহিঙ্গা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।