Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় ভ্যানচালককে বেঁধে রেখে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় ভ্যানচালককে বেঁধে রেখে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

December 05, 2025 07:28:25 PM   অনলাইন ডেস্ক
সালথায় ভ্যানচালককে বেঁধে রেখে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অটো ভ্যানচালককে বেঁধে রেখে উৎপল সরকার (২৬) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের মাটিয়াদহ (কালীতলা) ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় সরকারের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন উৎপল। পথিমধ্যে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের মাটিয়াদহ ব্রিজ এলাকায় পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ভ্যানচালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে এবং উৎপলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভ্যানচালককে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’