


২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। যদিও রমজান মাসের সঠিক শুরু চাঁদ দেখার ওপর নির্ভর করে, তবে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী ২০২৬ সালের রমজান ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য প্রথম রোজার দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।
রমজানের পবিত্র রজনী লাইলাতুল কদর বা ‘শবে কদর’ এই মাসের শেষ দশকে পালন করা হয়। ২০২৬ সালে এই রাতটি মঙ্গলবার, ১৭ মার্চ পড়ার সম্ভাবনা রয়েছে। মুসলমানরা এই রাতে গভীর ইবাদত ও ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকেন, কারণ এটি কুরআন নাজিল হওয়ার স্মরণীয় রাত হিসেবে পরিচিত।
আইএসিএডি’র ক্যালেন্ডার অনুযায়ী, রমজান ২০২৬ সালের শেষ হতে পারে বৃহস্পতিবার, ১৯ মার্চ। তবে হিজরি মাসের দৈর্ঘ্য ২৯ বা ৩০ দিন হতে পারে, তাই চাঁদ দেখা না হওয়া পর্যন্ত সঠিক শেষের দিন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
রমজান মাস শেষে মুসলিম উম্মাহ আনন্দের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করে। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০ মার্চ।