Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করতে ৬ কোটি টাকা বরাদ্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করতে ৬ কোটি টাকা বরাদ্দ

January 16, 2026 07:31:22 PM   দেশেরপত্র ডেস্ক
৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করতে ৬ কোটি টাকা বরাদ্দ

ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য সরকার ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দরজা-জানালা, লাইট-ফ্যান, বাথরুমের স্যানিটারি সুবিধা এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি সংস্কার করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করা হবে।

শাহজাহান আলী আরও জানিয়েছেন, কাজের সুষ্ঠু বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি পর্যায়ভিত্তিক তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম তদারকি করবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত ব্যয় মঞ্জুরি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স অফিসারের কাছে পাঠিয়েছে।

অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু ছায়িদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে যে, বরাদ্দকৃত অর্থ ২০২৫-২০২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে ব্যয় করা হবে। বরাদ্দকৃত অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কার, মেরামত এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় করা যাবে। প্রতিটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান সর্বোচ্চ ১ লাখ ৮৮ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ পেয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে যে, জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান। উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।

বরাদ্দ আদেশে ব্যয়ের শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থের ব্যবহার শুধুমাত্র নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভোটকেন্দ্র মেরামত ও সংরক্ষণ কাজে সীমিত থাকবে। অন্য কোনো প্রতিষ্ঠান বা খাতে অর্থ ব্যয় করা যাবে না। এছাড়া ব্যয়/বিল পরিশোধের ক্ষেত্রে সরকারের আর্থিক বিধি-বিধান এবং পিপিআর-২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে হবে। পূর্ববর্তী বছরের বকেয়া পরিশোধ করা যাবে না এবং অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন, বরাদ্দ নিশ্চিত হওয়ায় দেশজুড়ে ভোটকেন্দ্র প্রস্তুতির কাজ দ্রুত এগোবে। আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার এই সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু ছায়িদ চৌধুরী জানিয়েছেন, বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র নির্ধারিত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামত এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা যাবে। অন্য কোনো খাত বা পূর্ববর্তী বছরের বকেয়া পরিশোধে এই অর্থ ব্যয় করা যাবে না।

সূত্র: বিএসএস