Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / আমরা জিতে গেছি—ইরান ইস্যুতে ট্রাম্পের বড় দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমরা জিতে গেছি—ইরান ইস্যুতে ট্রাম্পের বড় দাবি

March 25, 2026 01:30:28 PM   আন্তর্জাতিক ডেস্ক
আমরা জিতে গেছি—ইরান ইস্যুতে ট্রাম্পের বড় দাবি

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের দাবি করে বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরান একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। তবে এ নিয়ে দুই পক্ষের বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট বিরোধ, আর মাঠে চলছে পাল্টাপাল্টি হামলা।

মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয় পেয়েছে। তার ভাষায়, “আমরা জিতে গেছি, এই যুদ্ধে আমাদের জয় হয়েছে।”

তিনি আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি “অত্যন্ত গুরুত্বপূর্ণ” প্রস্তাব দিয়েছে, যা বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে। যদিও সেই প্রস্তাবের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে ইরানি কর্মকর্তারা এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব বা আলোচনার বিষয় অস্বীকার করে আসছেন। ফলে সম্ভাব্য সমঝোতা নিয়ে দুই দেশের অবস্থানে স্পষ্ট দ্বন্দ্ব তৈরি হয়েছে।

এদিকে সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সেনা মোতায়েনের অংশ হিসেবে হাজার হাজার মার্কিন মেরিন সদস্য এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের ওই অঞ্চলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

একই সময়ে Israel জানিয়েছে, তারা তাদের নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জনে ইরানের বিরুদ্ধে আরও কয়েক সপ্তাহ অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ লাইনে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

এর জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি ইসরায়েলের তেল আবিবে আঘাত হেনেছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে এর মধ্যেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনার ইঙ্গিতও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা ভবিষ্যতে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে।