


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকে বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট সংগ্রহ করতে পারছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। একই ভাড়া অনলাইন প্ল্যাটফর্মেও কার্যকর থাকবে।
সংগঠনটি আরও জানিয়েছে, প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হবে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।
অনলাইনে যেভাবে কাটবেন বাসের টিকিট:
বর্তমানে অনলাইনে বাসের টিকিট কেনার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে রয়েছে Shohoz, BDTickets এবং Jatri।
যাত্রীরা চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে সাধারণত প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র নম্বর ও একটি সচল মোবাইল নম্বর।
ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করার পর যাত্রার স্থান, গন্তব্য ও তারিখ নির্বাচন করে “সার্চ বাস” অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজে বিভিন্ন বাসের নাম, ছাড়ার সময় ও ভাড়ার তালিকা দেখা যাবে। সেখান থেকে পছন্দের বাস ও আসন নির্বাচন করতে হবে।
আসন নির্বাচন করার সময় যেসব সিট বুকিং হয়ে গেছে সেগুলো সাধারণত লাল বা কালো রঙে দেখানো হয়। আর খালি থাকা আসনগুলো সবুজ বা সাদা রঙে দেখা যায়।
পছন্দ অনুযায়ী আসন বাছাইয়ের পর যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। এরপর মোবাইল ব্যাংকিং বা ই-ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করা যাবে। তবে আসন নির্বাচনের ৩০ মিনিটের মধ্যেই পেমেন্ট সম্পন্ন করতে হবে, নইলে বুকিং বাতিল হয়ে যেতে পারে।
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর টিকিট ডাউনলোডের অপশন পাওয়া যাবে। টিকিট ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং ভ্রমণের সময় প্রিন্ট কপি বা ডিজিটাল কপি সঙ্গে রাখতে হবে।