


দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা আজ আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের বিয়ে রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সম্পূর্ণ গোপনীয়তা ও সীমিত অতিথি তালিকার মধ্যে রাখা হয়।
বিয়ের প্রথম পর্ব সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় বিজয়ের পরিবারের ঐতিহ্য অনুযায়ী তেলুগু হিন্দু রীতিতে। পরে বিকেলে রাশমিকার পরিবারের রীতি অনুযায়ী দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার পর নবদম্পতি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
উৎসবের আয়োজন শুরু হয় ২৩ ফেব্রুয়ারি। বিশেষ বিলাসবহুল ডিনারের মাধ্যমে আত্মীয়-স্বজনদের সঙ্গে উদযাপন শুরু হয়। এর পাশাপাশি আয়োজন করা হয় ভলিবল ও ক্রিকেট ম্যাচ, এবং মঙ্গলবার রাতের শেষের দিকে অনুষ্ঠিত হয় সঙ্গীতের জমকালো আসর। ঐ রাতে বিজয়ের মা মাধবী রাশমিকাকে পরিবারের সোনার বালা উপহার দেন, যা ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত।
বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লিখেছেন, “পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে। এই মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা ও সুখের অর্থ। বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। আমার জীবন, সংগ্রাম, অর্জন—সবকিছুই অর্থবহ হয়ে উঠেছে, কারণ আমি তাকে পেয়েছি।”
অন্যদিকে বিজয় লেখেন, “তাকে সব সময় মিস করেছি। মনে হতো, সে পাশে থাকলে দিনগুলো আরও ভালো হতো। আমার সেই সেরা বন্ধুকে আজ আমার স্ত্রী বানিয়ে নিয়েছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। ইন্ডাস্ট্রির সহকর্মীদের জন্য আগামী ৪ মার্চ হায়দরাবাদে সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।