Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ৪ লাখ ডলারের ক্লাবে প্রথম বাংলাদেশি সিনেমা বনলতা এক্সপ্রেস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৪ লাখ ডলারের ক্লাবে প্রথম বাংলাদেশি সিনেমা বনলতা এক্সপ্রেস

April 21, 2026 08:23:38 PM   বিনোদন ডেস্ক
৪ লাখ ডলারের ক্লাবে প্রথম বাংলাদেশি সিনেমা বনলতা এক্সপ্রেস

বাংলাদেশি সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখলো তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই উত্তর আমেরিকার বক্স অফিসে দারুণ সাফল্য দেখানো এই চলচ্চিত্রটি এবার প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেতে থাকে ‘বনলতা এক্সপ্রেস’। মাত্র দুই সপ্তাহের মধ্যেই এতদিন শীর্ষে থাকা আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’-র লাইফটাইম আয়কে ছাড়িয়ে যায় ছবিটি। এর মাধ্যমে বিদেশের বাজারে বাংলাদেশি সিনেমার সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে এই সিনেমা।

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানান, মুক্তির প্রথম ১৭ দিনের মধ্যেই উত্তর আমেরিকায় সিনেমাটি ৪ লাখ ১ হাজার ডলার আয় করেছে। যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক অর্জন।

শুধু প্রথম দুই সপ্তাহেই নয়, তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রায় ৪০ হাজার ডলার আয় করে, যা প্রমাণ করে দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে রয়েছে।

বর্তমানে উত্তর আমেরিকার ২১টি হলে চলছে সিনেমাটি। প্রতিদিনই দর্শকের উপস্থিতি বাড়ছে বলে জানা গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে।

বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এবং হইচই প্রডাকশনের সহ-প্রযোজনায় নির্মিত এই তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা। তাদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরীসহ আরও অনেকে।

সিনেমাটির এই সাফল্য শুধু একটি চলচ্চিত্রের অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ইতিবাচক বার্তা। ‘বনলতা এক্সপ্রেস’-এর এই যাত্রা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।