Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার

May 01, 2026 08:06:56 PM   অনলাইন ডেস্ক
ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্রঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ-এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিএমএসএস নামের একটি এনজিও থেকে নেওয়া ঋণের বকেয়া ২৫ হাজার টাকা পরিশোধ না করায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তার দেড় বছর বয়সী সন্তানসহ থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। পারিবারিকভাবে তাদের একটি ছোট সন্তান রয়েছে। বর্তমানে মা ও সন্তান দুজনই তাড়াশ থানা পুলিশের হেফাজতে আছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক আগে টিএমএসএস-এর ক্ষুদ্রঋণ প্রকল্পে ফিল্ড সুপারভাইজার হিসেবে কাজ করতেন। চাকরির সময় তিনি প্রায় ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ নেওয়া হয়।

পরে তিনি চাকরি ছেড়ে দেন এবং দাবি করেন, ঋণের প্রায় অর্ধেক অর্থ পরিশোধ করা হয়েছে। এছাড়া জামানতের টাকা ঋণের সঙ্গে সমন্বয়ের আবেদনও করা হয়েছিল। তবে এনজিও কর্তৃপক্ষ সেই জামানত সমন্বয় না করে আদালতে মামলা করে।

এরপর আদালতের রায়ে জান্নাতির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা ও ঋণ আদায়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।