


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আজ শুক্রবার সকাল ১১টায় এক র্যালি বের করা হয়।
পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আগের স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে মিনি স্টেডিয়াম চত্বরেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের স্ত্রী শিরিন বানু এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী।
আলোচনা সভায় শ্রমিক নেতারা তাদের বক্তব্যে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে কাজের পরিবেশ উন্নত করার দাবি জানান। তারা বলেন, সমাজ ও দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান সবথেকে বেশি। তাই তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। একই সাথে কোনো কারণ ছাড়া বা কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করার জোর দাবি জানান তারা।
এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক অংশ নেন। দিবসটি উপলক্ষে পুরো উপজেলা জুড়েই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ছোট-বড় আরও নানা কর্মসূচি পালন করা হয়েছে।