


ফরিদপুরের সালথা উপজেলায় মো. শহীদুল হাসান খান সোহাগ (৪৭) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সোহাগ সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৫টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।