


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের খবর “গুজব ছাড়া কিছুই নয়” এবং এর কোনো বাস্তবতা নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) একটি টক শোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানান, এনসিপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত তার নেই।
রুমিন ফারহানা বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।”
তিনি আরও জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে, যা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। একইভাবে এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
তার ভাষায়, “বিএনপি থেকে বেরিয়ে আসার পর বা বহিষ্কারের পর অনেক দলই যোগাযোগ করে। এনসিপিও করেছে। তারা বারবার বলেছে, আপা আমাদের সঙ্গে আসেন, একসঙ্গে কাজ করি।”
তিনি আরও উল্লেখ করেন, তাকে জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ও ফ্রন্টলাইনার হিসেবে বিবেচনা করে দলে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি এবং বিষয়টি গুরুত্ব না দিয়ে হেসে উড়িয়ে দিয়েছেন বলে জানান।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধুমাত্র বক্তব্য দেওয়ার সুযোগের জন্য তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না।
তার মতে, “কথা বলার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। আমি সেখানে কথা বলতে পারি। কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে শুধু সংসদে দুই মিনিট কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”