


টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় কলেজ মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পন্নী পরিবারের সন্তান মাওলভী মোর্শেদ আলী খান পন্নী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করটিয়া জমিদার পরিবারের সদস্য ও মোতাওয়াল্লী ডা. উম্মে তিজান মাখদুমা পন্নী, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর, সৈয়দ জাদিদুল হক জাদিদ এবং সরকারি সা’দত কলেজের সাবেক আহ্বায়ক জিএস বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল বৈশাখী মেলার আমেজ। মাঠ প্রাঙ্গণ পন্নী পরিবারের গৌরবোজ্জ্বল ইতিহাস সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়, যা আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকারি সা’দত কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তার এই বক্তব্যে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়। পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।