Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কক্সবাজারে বজ্রপাতে লবণ চাষির মৃত্যু, উপকূলে সতর্কতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কক্সবাজারে বজ্রপাতে লবণ চাষির মৃত্যু, উপকূলে সতর্কতা

April 28, 2026 04:29:56 PM   অনলাইন ডেস্ক
কক্সবাজারে বজ্রপাতে লবণ চাষির মৃত্যু, উপকূলে সতর্কতা

কক্সবাজারে হঠাৎ বজ্রপাতের ঘটনায় এক লবণ চাষির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান তিনি। একই সঙ্গে উপকূলীয় এলাকায় আবহাওয়া অস্থির থাকায় সতর্ক সংকেতও জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।

নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন লবণ চাষি ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি অন্য শ্রমিকদের সঙ্গে লবণ মাঠে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে বজ্রপাত শুরু হলে রমিজ উদ্দিন লবণ মাঠ থেকে উঠে পাশের মাঝেরঘাট ব্রিজে আশ্রয় নিতে যান। ঠিক সেই সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় আবহাওয়া এখনো অস্থির রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে আবহাওয়া অফিস সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, মৌসুমের শুরুতেই বজ্রপাতের এমন ঘটনা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে মাঠে কাজ করা শ্রমজীবী মানুষের জন্য এটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।