Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার বাতিলের দাবি তুলল নরওয়ে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার বাতিলের দাবি তুলল নরওয়ে

April 28, 2026 05:17:08 PM   আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার বাতিলের দাবি তুলল নরওয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কার বাতিলের দাবি উঠেছে। নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বলেছে, ফুটবলের সঙ্গে সম্পর্কহীন এমন পুরস্কার দেওয়া ফিফার নিরপেক্ষতা ও নীতিমালার পরিপন্থী। বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ক্রীড়া অঙ্গনে।

গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ডোনাল্ড ট্রাম্পের হাতে এই শান্তি পুরস্কার তুলে দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে ফিফাকে চিঠি দিয়ে এই পুরস্কার বাতিলের দাবি জানাবেন। তার মতে, ফিফার দায়িত্বের মধ্যে রাজনৈতিক বা বিতর্কিত ব্যক্তিকে এমন পুরস্কার দেওয়া পড়ে না, বরং শান্তি পুরস্কারের বিষয়টি নোবেল ইনস্টিটিউটের মতো স্বাধীন সংস্থার আওতায় থাকা উচিত।

তিনি আরও বলেন, বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যে শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে, তা ফিফার ঘোষিত রাজনৈতিক নিরপেক্ষতার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি ও অভ্যন্তরীণ প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি বলে দাবি করেন তিনি।

এনএফএফ জানিয়েছে, ‘ফেয়ারস্কয়ার’ নামের একটি প্রচারগোষ্ঠীও ফিফার নৈতিকতা কমিটির কাছে এই পুরস্কার নিয়ে অভিযোগ তুলেছে, যাকে তারা সমর্থন দেবে।

আগামী ৩০ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে শুরু হতে যাওয়া ফিফা কংগ্রেসে বিষয়টি উত্থাপনের প্রস্তুতি নিচ্ছেন ক্লাভেনেস। সেখানে তারা এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছিলেন। তবে তা না পাওয়ার পর ফিফার এই পুরস্কার প্রদান নিয়েও প্রশ্ন উঠেছে, যা নিয়ে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।