Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / কন্ট্র্যাক্ট ম্যারেজ দিয়ে বড় পর্দায় ফিরছেন মৌসুমী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কন্ট্র্যাক্ট ম্যারেজ দিয়ে বড় পর্দায় ফিরছেন মৌসুমী

May 02, 2026 09:28:24 PM   বিনোদন ডেস্ক
কন্ট্র্যাক্ট ম্যারেজ দিয়ে বড় পর্দায় ফিরছেন মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নতুন সিনেমা কন্ট্র্যাক্ট ম্যারেজ-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন। প্রবাসজীবনের বাস্তবতা ও নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। দেশ ছাড়লেও তিনি এখনো প্রবাসে টুকটাক অভিনয়ে যুক্ত রয়েছেন।

তার অভিনীত নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নির্মাণ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। সিনেমাটির গল্প গড়ে উঠেছে প্রবাসজীবনের বাস্তবতা ও পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে।

পরিচালক জানান, সিনেমাটিতে তুলে ধরা হয়েছে এমন একটি গল্প, যেখানে একজন বিবাহিত নারী বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে পড়েন—এবং এর মধ্য দিয়ে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা ও সামাজিক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে, বাকি অংশ ধারণ করা হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে এবং এটি গত মার্চে সেন্সর সার্টিফিকেশন পেয়েছে।

পরিচালক জানান, আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে মৌসুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন ডন, হাসান জাহাঙ্গীরসহ অনেকে। আগে একই নামের ওয়েব সিরিজ হিসেবে প্রকল্পটি শুরু হলেও পরবর্তীতে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়া হয়।