Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাজশাহীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন, “দীন প্রতিষ্ঠায় নারীদের অগ্রণি ভূমিকা পালনের আহ্বান” - দৈনিক দেশেরপত্র - মানবতার...

রাজশাহীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন, “দীন প্রতিষ্ঠায় নারীদের অগ্রণি ভূমিকা পালনের আহ্বান”

May 02, 2026 09:29:01 PM   অনলাইন ডেস্ক
রাজশাহীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন, “দীন প্রতিষ্ঠায় নারীদের অগ্রণি ভূমিকা পালনের আহ্বান”

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে হেযবুত তওহীদের আয়োজনে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়ায় এই সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদের রাজশাহী জেলা নারী বিভাগ।

হেযবুত তওহীদ রাজশাহী জেলা নারী সম্পাদক মোসা. রোজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নারী বিভাগের সম্পাদক জেরিন সাইয়ারা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী নারী বিভাগের সম্পাদক মোসা. নাঈমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে জেরিন সাইয়ারা বলেন, রসুল (সা.) এর সময়ে নারীরা পুরুষের পাশাপাশি সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রেখেছিলেন। সেই চেতনা আবার ফিরিয়ে আনতে হবে। হেযবুত তওহীদ ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে নারীদেরকে সেই প্রকৃত মর্যাদা ও অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে; যা আজ ধর্মীয় গোঁড়ামি ও পশ্চিমা অপসংস্কৃতির বেড়াজালে বন্দি। নারীরা কেবল ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ না থেকে যখন শালীনতার সাথে সমাজ সংস্কারে সংগ্রাম করবে তখনি একটি সংগ্রাম সফল হবার পথে এগিয়ে যাবে -বলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তার যে চরম সংকট চলছে, তার প্রত্যক্ষ শিকার হচ্ছে নারীরাই। ইভটিজিং, শেমিং, সাইবার বুলিং ও ধর্ষণ সমাজে মহামারি আকার ধারণ করেছে। সচেতনতা ও আইন প্রয়োগসহ নানা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে কিন্তু এসব অপরাধ দিনকে দিন বাড়ছেই। হেযবুত তওহীদের বক্তব্য হচ্ছে- বিদ্যমান সিস্টেমে যতভাবেই চেষ্টা করা হোক না কেন নারীদের প্রকৃত অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব না। একমাত্র প্রকৃত ইসলামই পারে নারীদের নিরাপত্তা, অধিকার ও মুক্তি নিশ্চিত করতে। হেযবুত তওহীদ ইসলামের সেই প্রকৃত শিক্ষা, প্রকৃত আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। হেযবুত তওহীদের নারীদের রসুল (সা.) এর নারী সাহাবাদের মতো এই সংগ্রামে অগ্রণি ভূমিকা পালন করার আহ্বান জানান।  

একজন নারী যদি সচেতন ও আদর্শবান হয়, তবে সে কেবল একটি পরিবার নয়, বরং একটি সুন্দর ও শান্তিপূর্ণ জাতি উপহার দিতে সক্ষম হবে- বলেন হেযবুত তওহীদের এই নারী নেত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে মোসা. নাঈমা খাতুন বলেন, আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক রাষ্ট্র মানেই হলো এমন এক আধুনিক জীবনব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিকের জান-মাল ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা থাকবে। রাজশাহীর প্রতিটি নারী যদি সত্য ও ন্যায়ের পথে জাগ্রত হয়, তবে উগ্রবাদ বা অন্যায়ের কোনো স্থান এই জনপদে থাকবে না।

আমরা চাই প্রতিটি ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে দিতে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ বিনির্মাণ করতে। এর জন্য প্রতিটি মুসলিম নারীকে তওহীদের চেতনায় বলিয়ান হয়ে ইসলামি বিপ্লব সাধনে সামিল হবার তাগিদ দেন।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি হেযবুত তওহীদ রাজশাহী জেলা নারী সম্পাদক মোসা. রোজিনা খাতুন। সম্মেলনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।