


কুমিল্লা প্রতিনিধি:
‘নারীশক্তি হোক আল্লাহর বিধানের পক্ষে’ স্লোগান নিয়ে কুমিল্লায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ এপ্রিল দুপুরে কুমিল্লা জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। আসন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের জেলা নারী বিভাগ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমা আক্তার। তিনি বলেন, নারী ছাড়া সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, কারণ নারীরাও এই জাতির অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নারীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এই অধিকার ফিরে পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জীবন ও সম্পদ দিয়ে সক্রিয় সংগ্রামের প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি, লাকসাম উপজেলার নারী নেত্রী হ্যাপি আক্তার এবং কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার নারী নেত্রী আয়েশা সিদ্দিকা মৌসুমী।
সবশেষে কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি ওমর ফারুক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।