


যশোরের কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে খুন হয়েছেন গৌরী রানী (৭৫) নামে এক বৃদ্ধা। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারী (৫০)-কে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানীর বাড়িতে কয়েকদিন আগে পাশের মনিরামপুর উপজেলার নাগরঘোপ এলাকা থেকে তার মেয়ে দীপ্তি অধিকারী বেড়াতে আসেন।
জানা গেছে, দীপ্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার রাতে তিনি বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙিনায় ঘোরাফেরা করছিলেন। মঙ্গলবার সকালে তাকে শ্বশুরবাড়িতে নিতে এলে তার দেবর পবিত্র অধিকারী বাড়ির দোতালায় গিয়ে গৌরী রানীর মরদেহ দেখতে পান। এ সময় পাশের বাথরুমে দীপ্তিকে বিবস্ত্র অবস্থায় বসে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে কোনো একসময় দীপ্তি তরকারি কাটার বটি দিয়ে মায়ের কপাল ও মাথার পেছনে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশে বটির একটি অংশ পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে কেশবপুর থানা-র পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটির অংশবিশেষও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।