


‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’— এমন স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে অভিনব বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ।শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি ২০১৫ ব্যাচের কয়েকজন বন্ধু তাদের বন্ধু শাকিল শেখের ‘গোপনে বিয়ে’ করার প্রতিবাদে ব্যানার-প্ল্যাকার্ড হাতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
বন্ধুদের অভিযোগ, দীর্ঘদিনের বন্ধু শাকিল কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে সংসার শুরু করেছেন। পরে বিষয়টি জানতে পেরে অভিমান থেকেই তারা এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন।
মহাসড়কে দাঁড়িয়ে বন্ধুরা বলেন, “বন্ধুত্বের সম্পর্কে লুকোচুরি থাকতে পারে না। বিয়ে করে বন্ধুদের না জানানোয় আমরা কষ্ট পেয়েছি।”
এ সময় পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে ছবি তোলেন এবং মজার এই প্রতিবাদ উপভোগ করেন।
তবে সব অভিমান শেষে বন্ধুর নতুন দাম্পত্য জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করতেও ভোলেননি তারা।
মানববন্ধনে আয়নাল, মিশকাত, আলামীন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।