Date: April 27, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘাটাইলে ২ কোটি ১০ লাখ টাকার বাজেট ঘোষণা করল দিগড় ইউনিয়ন পরিষদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘাটাইলে ২ কোটি ১০ লাখ টাকার বাজেট ঘোষণা করল দিগড় ইউনিয়ন পরিষদ

April 27, 2026 07:16:36 PM   স্টাফ রিপোর্টার
ঘাটাইলে ২ কোটি ১০ লাখ টাকার বাজেট ঘোষণা করল দিগড় ইউনিয়ন পরিষদ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭ নম্বর দিগড় ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে এই বাজেট পেশ করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন ফনির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পরিষদের সচিব মোহাম্মদ আব্দুস সাত্তার আগামী অর্থবছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব সবার সামনে তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে ইউনিয়ন পরিষদের মোট আয় ধরা হয়েছে ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। এর মধ্যে পরিষদের নিজস্ব তহবিল থেকে আয় হবে ৫৭ লাখ ৮০ হাজার ২৪০ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৫২ লাখ ৯৬ হাজার ৯৯৯ টাকা আয় ধরা হয়েছে।

অন্যদিকে মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৬০ হাজার ২৪০ টাকা। নিজস্ব তহবিল থেকে ৫২ লাখ ৬৩ হাজার ২৪০ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৫২ লাখ ৯৬ হাজার ৯৯৯ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়। সব মিলিয়ে ৫ লাখ ১৭ হাজার টাকা উদ্বৃত্ত রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে।

বক্তব্যের সময় চেয়ারম্যান ফারুক হোসেন ফনি বলেন, এই বাজেট মূলত সাধারণ মানুষের বাজেট। ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, জনমতামতকে গুরুত্ব দিয়ে এবং স্বচ্ছতা বজায় রেখে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। বাজেট বাস্তবায়নে তিনি এলাকার সবার সহযোগিতা কামনা করেন।

এই বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সব সদস্য, সংরক্ষিত আসনের নারী সদস্য, পরিষদের কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে উপস্থিত সাধারণ মানুষ বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও পরামর্শ দেন। চেয়ারম্যান তাদের সব দাবি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। উন্মুক্ত এই সভার মাধ্যমে পরিষদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সুধীজন।