Date: April 27, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / জয়পুরহাটে সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময়

April 27, 2026 05:02:54 PM   অনলাইন ডেস্ক
জয়পুরহাটে সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক পৃথক দুটি মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব এবং জেলা প্রেসক্লাবে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।

এরমধ্যে প্রথম সভাটি দুপুর ১টায় জয়পুরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এরপর দুপুর আড়াইটায় শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অবস্থিত জেলা প্রেসক্লাবে দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মাসুদ রানা চৌধুরী।

মূল প্রতিপাদ্য ও প্রস্তাবনা উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, রক্তপাত আর আগ্রাসনের মাধ্যমে এখন সবলের অত্যাচার চলছে দুর্বলের ওপর। বাংলাদেশও এই পরিস্থিতির বাইরে নয়। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।

দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে মশিউর রহমান বলেন, গত দেড় বছরে বাংলাদেশে মব সন্ত্রাসের ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা সমাজকে গ্রাস করছে। তিনি স্পষ্ট করে বলেন, ভিন্নমতাবলম্বীদের ওপর এই ধরণের নির্যাতন ইসলাম সমর্থন করে না, অথচ ধর্মের নাম দিয়েই এই সব অপকর্ম করা হচ্ছে।

উগ্রবাদ নির্মূলের উপায় সম্পর্কে তিনি বলেন, শুধু শক্তি প্রয়োগ বা আইন দিয়ে উগ্রবাদ বন্ধ করা সম্ভব নয়। কারণ উগ্রবাদীরা তাদের কাজকে ধর্মীয় দায়িত্ব মনে করে। তাই তাদের এই ভুল পথ থেকে ফেরাতে একটি শক্তিশালী পাল্টা আদর্শ প্রয়োজন। কোরআন ও সুন্নাহর যে সব ভুল ব্যাখ্যার কারণে তারা বিভ্রান্ত হচ্ছে, প্রকৃত ব্যাখ্যা দিয়ে সেই অপব্যাখ্যাগুলো খণ্ডন করতে হবে।

তিনি আরও বলেন, দেশে আন্দোলন হচ্ছে এবং সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত শান্তি ও অধিকার নিশ্চিত হচ্ছে না। ব্রিটিশদের দিয়ে যাওয়া পুরনো শাসনব্যবস্থা মানুষের মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। এই সংকট থেকে উত্তরণে আল্লাহর দেওয়া তওহীদভিত্তিক জীবনব্যবস্থাই একমাত্র সমাধান। তিনি ইসলামের প্রকৃত আদর্শের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের গণমাধ্যম সম্পাদক জামাল উদ্দিন, জয়পুরহাট সদর উপজেলা সভাপতি আবু রায়হান এবং পাঁচবিবি উপজেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল। সভায় উপস্থিত সাংবাদিক ও সুধীজন হেযবুত তওহীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এমন আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।