Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া!

April 19, 2026 04:34:32 PM   দেশেরপত্র ডেস্ক
ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া!

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২০ এপ্রিল) একদিনের সফরে পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বগুড়া সফর।

এই সফরে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত কর্মসূচি অনুযায়ী, তিনি সোমবার সকাল ৬টায় ঢাকার গুলশান থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন, আদালতের ই-বেইলবন্ড চালু, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের ফলক উন্মোচন।

দুপুরে তিনি গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন। পাশাপাশি শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং নশিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। পরে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এর আগে ১৫ এপ্রিল বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরসূচি তুলে ধরেন।

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেন, “ঘরের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন। এটি আমাদের জন্য আবেগের বিষয়।”