Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে কাল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে কাল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

April 19, 2026 06:22:01 PM   অনলাইন ডেস্ক
ফেনীতে কাল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ফেনী প্রতিনিধি:
দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে ফেনী জেলায় শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। আগামীকাল ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ১০ মে ২০২৬ পর্যন্ত।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এমআর টিকা দেওয়া হবে। ১১ কর্মদিবসের এই কর্মসূচিতে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়েও টিকা দেওয়া হবে।

জেলায় মোট ১ হাজার ১০৫টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এর মধ্যে ৭টি স্থায়ী এবং ১ হাজার ৯৮টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। পুরো জেলায় ১ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ছাগলনাইয়া, দাগনভূঞা, ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজী উপজেলায় এই ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য বিভাগ। স্কুল ও সাধারণ জনবসতি এলাকাগুলোতে আলাদা লক্ষ্য নির্ধারণ করে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, যেসব শিশু আগে নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় ২ ডোজ এমআর টিকা নিয়েছে, তারাও এই ক্যাম্পেইনে অতিরিক্ত ১ ডোজ টিকা নিতে পারবে। টিকা নেওয়ার জন্য vaxEPI.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম সব অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।