Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / চলে গেলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা, ময়মনসিংহে আজ জানাজা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চলে গেলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা, ময়মনসিংহে আজ জানাজা

May 06, 2026 10:41:03 AM   দেশেরপত্র ডেস্ক
চলে গেলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা, ময়মনসিংহে আজ জানাজা

সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা আর নেই। বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ শিক্ষাঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জেবুন্নেছা। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর শিক্ষাদান ও মানবিক মূল্যবোধের জন্য এলাকায় তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চার সন্তানের জননী। রেখে গেছেন দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন ও প্রাক্তন শিক্ষার্থী, যারা তাঁর স্নেহ ও শিক্ষার ঋণ আজীবন বহন করবেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তাঁর স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বেগম জেবুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।