Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ছিনতাইকারীর টানে আহত বাপ্পারাজের নায়িকা, ছিঁড়ে গেল কান! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছিনতাইকারীর টানে আহত বাপ্পারাজের নায়িকা, ছিঁড়ে গেল কান!

May 18, 2026 04:35:16 PM   বিনোদন ডেস্ক
ছিনতাইকারীর টানে আহত বাপ্পারাজের নায়িকা, ছিঁড়ে গেল কান!

ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন। রাজধানীর রামপুরা এলাকায় কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তার কান ছিঁড়ে যায় এবং তাকে হাসপাতালে সেলাই দিতে হয়। ঘটনাটি ঘিরে শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে গিয়েছিলেন অভিনেত্রী রঞ্জিতা। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে দেখা ও আনন্দঘন পরিবেশে সময় কাটিয়ে রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসায় ফিরছিলেন।

রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন ছিনতাইকারী তাকে অনুসরণ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তার কানের দুল ধরে জোরে টান দেয়। এতে কানের একটি অংশ ছিঁড়ে যায় এবং সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কানে সাতটি সেলাই দিতে হয়।

অভিনেত্রী ভিডিও বার্তায় জানান, হঠাৎ আক্রমণে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি বলেন, ছিনতাইকারী দুল টান দেওয়ার সময় তার কান ছিঁড়ে দুই ভাগ হয়ে যায় এবং রক্ত ঝরতে থাকে। ঘটনাটি ছিল অত্যন্ত আতঙ্কজনক।

ঘটনার পর তিনি সহায়তার জন্য শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে ফোন দেন। পরে অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জয় চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হাসপাতালে যান এবং তখনো রক্তক্ষরণ চলছিল। চিকিৎসকরা কানে সেলাই দেন। তিনি রঞ্জিতার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তার চিকিৎসা আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে। পরিস্থিতি স্থিতিশীল হলে তাকে বাসায় নেওয়া হবে।

এদিকে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছেন অভিনেত্রী।

উল্লেখ্য, আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রঞ্জিতার। বাপ্পারাজের বিপরীতে অভিনীত সেই সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরবর্তীতে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০০৫ সালের পর থেকে তাকে বড় পর্দায় আর দেখা যায়নি।