


দেশের সাতটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের পাশাপাশি রাতের বেলায় গরম আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সোমবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলায় বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, ফলে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে, ৮০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে আবহাওয়ার পরিবর্তন হলে নতুন পূর্বাভাস জানানো হবে।