Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / জয় বাংলা স্লোগানের জেরে রাজুকে হেনস্তার অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জয় বাংলা স্লোগানের জেরে রাজুকে হেনস্তার অভিযোগ!

May 11, 2026 02:51:29 PM   আন্তর্জাতিক ডেস্ক
জয় বাংলা স্লোগানের জেরে রাজুকে হেনস্তার অভিযোগ!

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী উত্তেজনা ও সহিংসতার রেশ কাটছেই না। রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে হেনস্তা ও হামলার অভিযোগের মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পরোটা বিক্রেতা ‘রাজু দা’ হেনস্তার শিকার হয়েছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের ভেতরে একদল যুবক রাজুকে ঘিরে ধরে টানাহেঁচড়া করছে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে তার পরনের টিশার্ট ছিঁড়ে যায়। পরে ট্রেন থামলে গেঞ্জির কলার ধরে তাকে জোর করে নিচে নামিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়। পুরো সময়জুড়ে তার চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এ ঘটনাকে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত হেনস্তা বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, তৃণমূল কংগ্রেস সরকারের সময় শিয়ালদহ সাবওয়ের বাইরে পরোটা বিক্রি করতে গিয়ে রাজু এক ভিডিওতে নিজেকে তৃণমূল সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। সে সময় তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা যায়। এছাড়া সম্প্রতি একটি মন্দির চত্বরে বসে মাংস খাওয়ার অভিযোগ নিয়েও তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়।

এসব ঘটনার জের ধরেই তাকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ঘটনার পর রাজু বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন বলেই আগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন।

রাজুর ভাষায়, “আমি কোনো রাজনীতি করি না। শুধু মমতা ব্যানার্জীকে ভালো লাগে বলেই ওই কথা বলেছিলাম। এরপর থেকেই আমাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর নিন্দা জানিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন সাধারণ ব্যবসায়ীকে এভাবে হেনস্তা করাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।