Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তেঁতুলিয়ায় আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মে দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেঁতুলিয়ায় আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মে দিবস পালিত

May 01, 2026 08:54:24 PM   অনলাইন ডেস্ক
তেঁতুলিয়ায় আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মে দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।

বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় কুলি শ্রমিক ইউনিয়ন, অটো চালক সমিতি এবং অটো ভ্যান চালক সমিতি। ৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম শাহীন।

আলোচনা সভায় বক্তারা ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন। তারা বলেন, শ্রমিকদের নায্য অধিকার ও ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি আদায়ে যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, মে দিবস সেই সংগ্রামের প্রতীক। বর্তমানে শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের কাজের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

বুড়াবুড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক নজিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মাধ্যমেই দিবসের কর্মসূচি শেষ হয়।