


চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় রানা নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২ মে বিকেলে দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
রানা দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মল্লিকপাড়ার আক্তার হোসেনের ছেলে। তার বয়স ৩৫ বছর। পুলিশ জানায়, রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিল।
পুলিশ আরও জানায়, খুলনা ডিআইজির নির্দেশ এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের তত্ত্বাবধানে দর্শনা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
রানার বিরুদ্ধে এলাকায় মাদক কেনাবেচার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে।