Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / স্বাস্থ্য / দেশে হামের প্রকোপ বাড়ছে- ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে হামের প্রকোপ বাড়ছে- ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

April 17, 2026 05:02:54 PM   অনলাইন ডেস্ক
দেশে হামের প্রকোপ বাড়ছে- ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, আর বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। পরিস্থিতির এই অবনতিতে জনমনে বাড়ছে উদ্বেগ।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন, যা পরিস্থিতির দ্রুত অবনতিরই ইঙ্গিত দেয়। একই সময়ে ল্যাব পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। ফলে গত এক মাসে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৩ হাজার ৮৯৮ জন রোগী সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১ হাজার ২৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও বহু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামের এই হঠাৎ ঊর্ধ্বমুখী সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।